মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৯ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা থেকে মুন্সীগঞ্জগামী ডিএম পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিল বলে ধারণা পুলিশের। এ ঘটনায় কেউ নিখোঁজ রয়েছে কিনা জানা যায়নি।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সিরাজদীখান-টঙ্গীবাড়ি অভ্যন্তরীণ সড়কের কাজীরবাগ চৌরাস্তা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন, শাকিল (৩৫), জিতেন্দ্র (৭৫), উজ্জল (৩১), ও মো. হেলাল (৫২)। এরা সবাই মুন্সীগঞ্জের সিরাজদীখান ও টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের নাম প্রাথমিক অবস্থায় জানা যায়নি।

ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে সিরাজদীখান ফায়ার সার্ভিসের একটি টিম।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে টঙ্গীবাড়ির উদ্দ্যেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি রাত সাড়ে ৯ টার দিকে কাজীরবাগ চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পানিতে পড়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, বাসের ভেতরে তল্লাশি চালানো হয়েছে। তবে ভেতরে কোনো যাত্রী পাওয়া যায়নি। বাসের নিচে কেউ চাপা পড়েছে কিনা তা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।

সিরাজদীখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত জানান, চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিল। এদের মধ্যে বেশিরভাগই বাস থেকে নেমে যেতে পেরেছেন। বাস টেনে তোলার কাজ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত