মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন প্রকল্প নেওয়া হবে: মন্ত্রী

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৭ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে সারা দেশে উন্নয়নে ভরপুর করে দেওয়া হবে।

আজ সোমবার দুপুর ৩টায় ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়ায় খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জিব বিশ্বাসের সভাপতিত্বে এ সময় মন্ত্রী প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় ৮টি গ্রুপের মাঝে ৮টি মিল্কিং মেশিন বিতরণ করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, মানুষকে ঋণের নামে টাকা-পয়সা দিয়ে ১৪ গুণ সুদসহ ফেরত নিচ্ছে যারা, তারপরেও ঋণ শোধ হয় না। এ রকম করে বহু মানুষ সর্বস্ব হারাচ্ছে। তারাই আবার নোবেল পুরস্কার পাচ্ছে। আর আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশের মাটি, ঘাস, এই প্রকৃতির ঘ্রাণ শুঁকে শুঁকে, কোন মানুষটি একটু কষ্টে আছে, কোন মানুষটি বিষন্নতায় আছে, কোন মানুষটির একটা কাজ জোগানো যায়, সেটি খুঁজে খুঁজে বের করেন। সেই শেখ হাসিনাই আজ তাদের কাছে চ্যালেঞ্জিং ব্যক্তি হিসেবে অনেক সময় তার ওপরে নানা ধরনের হস্তক্ষেপ আসে।

মধুখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে এলডিপিপি প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ডা. গোলাম রব্বানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনূন আহমেদ অনিক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মিজানুর রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব কুমার দাস উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত