জেলা-উপজেলা হাসপাতালগুলোকে স্বাবলম্বী করতে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৮ পিএম

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে স্বাবলম্বী করে তোলা হবে। তাহলে মানুষ ঢাকা ও চট্টগ্রামসহ বড় বড় শহরে গিয়ে ভিড় করবে না। তাতে পরিবেশ ভালো হবে। সাধারণ মানুষ গ্রামে বসে চিকিৎসা পাবে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মানুষ চিকিৎসা নিতে এসে যাতে কোনো রকম বিড়ম্বনায় পড়তে না হয় সে লক্ষ্যে আমি কাজ করবো। দেশের প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

ডা. সামন্ত লাল সেন বলেন, প্রধানমন্ত্রী আমাকে স্বাস্থ্যখাতে জিরো টলারেন্স নীতি করে দিয়েছেন। যদি কোনো ভুল চিকিৎসা, কোনো গাফিলতি হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে জিরো টলারেন্স করে দিয়েছেন। যাতে কোনো রোগী চিকিৎসক দ্বারা ভুল চিকিৎসার শিকার না হন।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুছ, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক রাজিব প্রসাদ সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত