সোনারগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে কারারক্ষীর মৃত্যু

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৩ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে আমজাদ হোসেন (৪০) নামের এক কারারক্ষীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমজাদ সোনারগাঁও উপজেলার নোয়াখালী গ্রামের আব্দুর রশিদের ছেলে।

আমজাদকে হাসপাতালে নিয়ে আসা স্ত্রী রিনা বেগম জানান, পাশেই নানাখি গ্রামে তারা আরেকটি বাড়ি নির্মাণের কাজ করছেন। সোমবার বিকেলে আমজাদ সেখানে গিয়ে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি দিয়ে ইট ভেজাচ্ছিলেন। এর কিছুক্ষণ পর তারা খবর পান, সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন আমজাদ। পরবর্তীতে সেখান থেকে তাকে উদ্ধার করে সরাসরি ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

স্ত্রী ও তার স্বজনরা জানান, ১৯ বছর যাবত কারারক্ষীর চাকরি করে আসছিলেন আমজাদ। বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এ কর্মরত ছিলেন। গত শুক্রবার তিনি ছুটিতে বাড়িতে গিয়েছিলেন। এক ছেলে ও এক মেয়ের জনক আমজাদ।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত