নটর ডেম বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ব্যবসায় প্রশাসন বিভাগকে সবকটি উইকেট হাতে রেখে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে ইংরেজি বিভাগ। গত ১৬ ফেব্রুয়ারি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। আর ফাইনাল অনুষ্ঠিত হয় ২৪ ফেব্রুয়ারি নটর ডেম কলেজের মাঠে৷
ফাইনাল ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংরেজি বিভাগের দলীয় অধিনায়ক নাঈম। ইংরেজি বিভাগের বোলারদের তোপের মুখে মাত্র ৬১ রানে সব উইকেট হারিয়ে মনোবল হারিয়ে ফেলে ব্যবসায় প্রশাসন। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার অধিনায়ক নাঈম ও টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী মুমিত ৮ম ওভার চলাকালেই দলের বিজয় নিশ্চিত করেন।
ইংরেজি বিভাগের কোচ ও ম্যানেজার সামি চিশতী ম্যাচ শেষে এ সাফল্যকে দলীয় অর্জন বলে আখ্যায়িত করেন।
পুরষ্কার বিতরণীতে ছিলেন, নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, টুর্নামেন্ট কনভেনর ও প্রধান অতিথি জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। উল্লেখ্য এ দিন সকালে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও সমাপনী অনুষ্ঠিত হয়।
