আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩১ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার বিকালে দেশটির কেনিয়েবা শহর থেকে ছেড়ে আসা বাসটি বাগোই নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মালির কেনিয়েবা শহর থেকে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসোর উদ্দেশে ছেড়ে আসা বাসটি বাগোই নদী পার হওয়ার সময় সেতুতে উল্টে গিয়ে নদীতে পড়ে গিয়ে ডুবে যায়। এতে ৩১ যাত্রী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মালির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘কেনিয়েবা থেকে বুরকিনা ফাসোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস সেতু থেকে ছিটকে পড়ে। সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।’ এতে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে মালিয়ান এবং পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন।
বিবিসি বলছে, মালিতে সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ বিষয়। দেশটির অনেক রাস্তা এবং যানবাহনের অবস্থা বেশ খারাপ। এর পাশাপাশি ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ওঠানো এবং গণপরিবহনে নিয়মকানুন মানতে শিথিলতাও মালিতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ।
