দ্বাদশ জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথমে আওয়ামী লীগের ৪৮ জন এমপি শপথগ্রহণ করেন। পরের ধাপে জাতীয় পার্টির দুজন এমপিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার।
শপথ গ্রহণ শেষে নারী সংসদ সদস্যরা শপথ বইয়ে সই করেন। আজ বিকেলেই তারা সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে।
সংরক্ষিত নারী আসনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার গত ২৫ ফেব্রুয়ারি নির্বাচনী আইনের ১২ ধারা অনুযায়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫০ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। গেজেটের কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়।
নির্বাচনের বিধি অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। জোট শরিক ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে ৪৮টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধী দল জাতীয় পার্টি মনোনয়ন দিয়েছিল ২টি আসনে।
রমজানে নতুন অফিস সময় সূচি
রমজানে সরকারিভাবে বড় ইফতার পার্টি না করার নির্দেশ