দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকের অর্থ লোপাট ও অর্থপাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে দুই দফা লাঠিচার্জের ঘটনায় নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদ। আজ বুধবার এক বিবৃতিতে দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়েছে, পুলিশের হামলায় গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকিসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
তারা বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকার একদলীয় শাসনব্যবস্থা বাকশাল-২ কায়েম করার জন্য বিরোধীদলসমূহের শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রতিনিয়ত বাধা দিয়ে আসছে এবং পুলিশ দিয়ে হামলা ও গ্রেপ্তার করাচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনজীবনে যেখানে নাভিশ্বাস উঠেছে, মানুষ ঠিক মতো চলতে পারছে না। ব্যাংক থেকে প্রতিনিয়ত টাকা লোপাট করা হচ্ছে। সেখানে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উল্টো এসব নিয়ে প্রতিবাদ করলে কণ্ঠরুদ্ধ করা হচ্ছে। আজকে গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল।
তারা আরো বলেন, মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি বাধা, হামলা ও গ্রেপ্তার অন্যায্য ও অন্যায়। গণঅধিকার পরিষদ অনতিবিলম্বে গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের মুক্তি দাবি করছি। দেশের জনগণের প্রতি আহ্বান করব, আর কত দমন-পীড়ন মুখ বুঝে সহ্য করবেন? রাজপথে নেমে আসুন, গণআন্দোলনের মাধ্যমেই এই অবৈধ সরকারের অন্যায়- অবিচারের জবাব দেওয়া হবে বলেও জানায় দলটি।
