বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের বাজারে ক্রিকেটের প্রসার ঘটাবে আশা গেইলের

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০১ পিএম

টি-টোয়েন্টি ক্রিকেটের কারণেই ইউনিভার্স বস খেতাব পাওয়া সাবেক উইন্ডিজ তারকা ক্রিস গেইল মনে করেন বিশ্বকাপ আসরের জন্য যুক্তরাষ্ট্রের চাকচিক্যময় ক্রীড়াঙ্গণে জায়গা করে নেবে ক্রিকেট। একই সঙ্গে মাত্রা যোগ ক্রিকেট বিশ্বায়নেও।

যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মতো ক্রিকেটের কোনো বৈশ্বিক আয়োজন নিজেদের দেশে করতে যাচ্ছে। সেটিও আবার ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ফরম্যাট টি-টোয়েন্টি বিশ্বকাপ। গেইলের দেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এবারের বিশ্বকাপের সহ আয়োজক তারা। এরই মধ্যে বিভিন্ন ম্যাচের টিকিট বিক্রির পরিসংখ্যান বলে দিচ্ছে- উন্মাদনায় পিছিয়ে নেই দেশটির জনগণ।

গেইল মনে করেন, গত বছর থেকে শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেট যুক্তরাষ্ট্রের মানুষের মনে ক্রিকেটপ্রীতি বাড়ানোর ক্ষেত্র হিসেবে কাজ করেছে। তিনি বলেন, ‘আইসিসিও চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ক্রিকেটের বৈশ্বিক পর্যায়ে নিয়ে যেতে। ভারত-পাকিস্তান ম্যাচ দারুণ হবে। এখানকার বাজার বেশ বড়। আশা করি এই বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের জন্য সফল একটি আসর হবে।’

আসন্ন বিশ্বকাপে নিজের দেশ সম্পর্কেও বেশ উচ্চাশা প্রকাশ করেছেন গেইল। এখনকার উইন্ডিজ দলে চ্যাম্পিয়ন হওয়ার মতো যথেষ্ট অভিজ্ঞতা ও বৈচিত্র্য রয়েছে বলে মনে করেন তিনি। গেইল নিজে উইন্ডিজ জার্সিতে ২০১২ ও ২০১৬ আসরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত