কোপা দেল রে

দুই ভাইয়ের কাছে হেরে বিদায় আতলেতিকোর

আপডেট : ০১ মার্চ ২০২৪, ১২:১৭ পিএম

এ বছর কোনো শিরোপা জেতার সব আশা শেষ হয়ে গেল আতলেতিকো মাদ্রিদের। কোপা দেল রে সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে হারের পর এবার ফিরতি লেগে ৩-০ গোলে হেরেছে দিয়েগো সিমিওনের দল। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের অ্যাগ্রেগেট নিয়ে কোপা দে রের ফাইনাল নিশ্চিত করেছে অ্যাথলেটিক বিলবাও। আগামী ৬ এপ্রিল শিরোপার লড়াইয়ে তারা মুখোমুখি হবে মায়োর্কোর। রিয়াল সোসিয়েদাদকে বিদায় করে ফাইনালে উঠেছে লা লিগার ১৬ নম্বরে থাকা দলটি।

গত ৭ মৌসুমে প্রথমবার সেমিতে ওঠে আতলেতিকো। এবার মাদ্রিদের ক্লাবটির জন্য সুবর্ণ সুযোগ ছিল ২০১৩ সালের পর আবার কোপার ফাইনারে ওঠার। সে আশা ভঙ্গ হলো সিমিওনের। ম্যাচশেষে এ আর্জেন্টাইন কোচ বলেছেন, 'তিন গোলের ব্যবধানে হারা প্রমাণ করে দেয় ওরা কত পরিশ্রম করেছে। আমরা শুরুটা ভালো করলেও ওদের তুলনায় পিছিয়ে ছিলাম। যখন ওরা দুই গোল করে ফেলল তখন সুযোগ পেয়েও আমরা ম্যাচে ফিরতে পারিনি। রক্ষণেো আমরা বেশ দুর্বল ছিলাম। এখন প্রতিদিনকার চেষ্টা দিয়ে লা লিগার সেরা চারে থাকা নিশ্চিত করতে হবে আমাদের। সেটাই লক্ষ্য।'

বিলবাওয়ের সান মেমস স্টেডিয়ামে ৫২ হাজার দর্শকের সামনে বিলবাওয়ের হয়ে ১৩ ও ৪২ মিনিটে গোল করেন দুই সহোদর ইনাকি ও নিকো উইলিয়ামস। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ব্যবধান তিনগুণ করেন গোরকা গুরুযেতা। ম্যাচশেষে নিকো বলেন, 'ইনাকি আর আমার মধ্যে বোঝাপড়া খুব দারুণ হচ্ছে। এ জয় ঘানায় থাকা আমাদের বাবা-মা'র জন্যে। সেখানে আজ উৎসব হবে।'

মাঠের বাইরে দর্শকদের মধ্যে সংঘাতের ঘটনাও ঘটেছে। এছাড়া বিলবাওয়ের এক দর্শক কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে ১৫ মিনিট দেরি হয়। 

গত পাঁচ মৌসুমে তৃতীয়বার এ প্রতিযোগিতার ফাইনালে উঠলো বিলবাও। বার্সেলোনার পর কোপার দ্বিতীয় সফল ক্লাব বিলবাও। বার্সা ৩১ বার ও বিলবাও ২৩ বার কোপার শিরোপা ঘরে তুলেছে। তবে সবশেষ ১৯৮৪ সারে কোপা দেল রে জেতে বিলবাও। ২০১৯-২০ ও ২০২১-২২ মৌসুমে ফাইনালে উঠলেও রিয়াল সোসিয়েদাদ ও বার্সেলোনার কাছে হেরে যায় তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত