২০১৮ সালে প্রতিষ্ঠার পর গত মৌসুমের আগ পর্যন্ত কোনো সাফল্য ছিল না মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির। ফুটবলের জাদুকর লিওনেল মেসি এসে যেদিন থেকে ছুঁইয়ে দেন জাদুর কাঠি সেই থেকে ভাগ্যের বদল হয় মায়ামির।
আর্জেন্টাইন মহাতারকা আসার আগ পর্যন্ত এই ক্লাবটি কোনো টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহণ করতে পারেনি। তারা শুধুমাত্র ২২ ম্যাচে ২২ গোলের সঙ্গে ম্যাচ জিতেছিল ৫টি। মেসি এসে পুরো চিত্রটাই বদলে দেন। গত মৌসুমের মাঝপথে মায়ামিতে যোগ দেওয়ার পর পরই প্রথম শিরোপা এনে দেন মেসি। টানা সাত ম্যাচ জিতে লিগস কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় ক্লাবটি। ওই সাত ম্যাচে মায়ামির ২২ গোলের ১০টিই করেন মেসি নিজে। ফাইনালে টাইব্রেকারের মাধ্যমে ন্যাশভিলকে হারিয়ে লিগস কাপ শিরোপা ঘরে তোলে মায়ামি।
লিগস কাপের চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে ক্লাবটি প্রথমবারের মতো ২০২৪ সালের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে সরাসরি রাউন্ড অফ সিক্সটিনে খেলার যোগ্যতা অর্জন করে। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ উত্তর আমেরিকার মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপ যা ইউরোপের উয়েফা চ্যাম্পিয়নস লিগের সমতুল্য।
গত ৬ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়িয়েছে ২০২৪ মৌসুমের আসর। রাউন্ড ওয়ান পর্ব পেরিয়ে নির্ধারিত হয়েছে রাউন্ড অফ সিক্সটিনে মেসিদের প্রতিপক্ষ। যাদের হারিয়ে এখানে এসেছেন মেসিরা, সেই ন্যাশভিলের বিপক্ষেই আগামী ৭ ও ১৩ মার্চ দুই লেগে মুখোমুখি হবে মায়ামি। ৭ মার্চ ন্যাশভিলের মাঠে এবং দ্বিতীয় লেগে ঘরের মাঠে খেলবেন মেসি-সুয়ারেজরা।
