যুক্তরাষ্ট্রের ২৭তম রাজ্য বা স্টেট ফ্লোরিডা। সেখানকার জনগণের জন্য আজ উৎসবের আমেজে মোড়া উত্তেজনার দিন। একই রাজ্যের দুই ক্লাব মুখোমুখি হবে ‘ডার্বি’র লড়াইয়ে। মেজর লিগ সকারে (এমএলএস) মৌসুমে নিজেদের তৃতীয় ম্যাচে মায়ামি মুখোমুখি হবে ওরল্যান্ডো সিটির।
আজ বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় এ ম্যাচে মাঠে নামছেন মেসি-সুয়ারেজরা। মায়ামি আগের দুটি ম্যাচ খেলেছে অন্য কনফারেন্সের দলের বিপক্ষে। রিয়াল সল্ট লেকের বিপক্ষে জয়ের পর ড্র করে এলএ গ্যালাক্সির বিপক্ষে। ওরল্যান্ডো ইস্টার্ন কনফারেন্সেরই দল। যোগ করা সময়ে আলবার সঙ্গে রসায়নে মেসির দুর্দান্ত গোলে গ্যালাক্সির বিপক্ষে ১-১ গোলে ড্র করে মায়ামি। তার আগে আসর শুরুর ম্যাচে সল্ট লেকের বিপক্ষে জয় আসে ২-০ গোলের ব্যবধানে। চলতি মৌসুমে এখনো তাই অপরাজিত মায়ামি।
গেল মৌসুমে লিগস কাপে শেষ ৩২ রাউন্ডে ওরল্যান্ডোর বিপক্ষে ম্যাচে মেসি খেলেছিলেন। করেছিলেন জোড়া গোল। আজ নিজেদের মাঠ চেস স্টেডিয়ামে তার কাছ থেকে তেমন দুর্দান্ত পারফরম্যানসই আশা করবেন ভক্তরা। সবশেষ গেল সেপ্টেম্বরে ফ্লোরিডা ডার্বিতে ছিলেন না মেসি। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
অপরাজিত থাকলেও মাঠের খেলায় এখনো নিজেদের পূর্ণ শক্তি প্রদর্শন করতে পারেনি মায়ামির স্কোয়াড। পুরোপুরি ম্যাচ ফিট নন লুইস সুয়ারেজ। গোড়ালির চোটে আক্রান্ত সার্জিও বুসকেটসও রয়েছেন নিজের ছায়া হয়ে। বুসকেটস বলেন, ‘আমাদের প্রত্যাশা অনুযায়ী ভালোই শুরু করেছিলাম। রবিবারের ম্যাচেও জিততে চেয়েছিলাম। কিন্তু ড্রতেই থামতে হয়। ওইদিন আমরা ভালো খেলিনি।’
মায়ামি কোচ মার্তিনোও বলেছেন, ‘বোঝাপড়া এখনো পুরোপুরি গড়ে ওঠেনি মেসি-সুয়ারেজদের।’ বুসকেটসও স্বীকার করেছেন তা। বলেন, ‘এটা একটা নতুন লিগ। এর সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন। শুধু সুয়ারেজ নয়, আমাদের প্রত্যেকেরই। দলগতভাবে আমরা পরিবর্র্তনের মাধ্যমে সেই চেষ্টাই করে যাচ্ছি।’
গত মৌসুমে ইস্টার্ন কলফারেন্সের টেবিলে দুইয়ে থেকে ফাইনাল সিজনে ওঠে ওরল্যান্ডো। সেমির লড়াইয়ে চ্যা্ম্পিয়ন কলম্বাসের কাছে হেরে মৌসুম শেষ করেছিল তারা। দলটির কলম্বিয়ান কোচ অস্কার পেরেজা দলে ভিড়িয়েছেন কিছু অভিজ্ঞ মুখ। এ মৌসুমে কাপ ঘরে তোলার জন্যই মাঠে নেমেছে তারা। সিরি আ ক্লাব আটালান্টা থেকে ৩২ বছর বয়সী কলম্বিয়ান উইঙ্গার লুইস মুরিয়েল যোগ দিয়েছেন ওরল্যান্ডোতে। এ তালিকায় আছে উরুগুয়ের মিডফিল্ডার নিকোলাস লডেইরো এবং স্লোভেনিয়ান ডিফেন্ডার ডেভিড ব্রেকালো।
এখনো পর্যন্ত অপরাজিত আছে ওরল্যান্ডোও। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের প্রথম রাউন্ডের ম্যাচে ক্যাভালরি এফসি বিপক্ষে ৬-১ গোলে জিতেছে তারা। আর মেজর লিগের প্রথম ম্যাচে মন্ট্রিয়েলের বিপক্ষে গোলশূন্য ড্র করে ওরল্যান্ডো। এ পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে এ দুই ক্লাব। ৬ বার জিতেছে মায়ামি, ৪ বার ওরল্যান্ডো। ড্র হয়েছে বাকি ৩টি ম্যাচ।
