ইন্টার মায়ামি এবারের মৌসুমে এখন পর্যন্ত খেলেছে দুটি ম্যাচ। যোগ করা সময়ে আলবার সঙ্গে রসায়নে মেসির দুর্দান্ত গোলে গ্যালাক্সির বিপক্ষে ১-১ গোলে ড্র করে মায়ামি। তার আগে আসর শুরুর ম্যাচে সল্ট লেকের বিপক্ষে জয় আসে ২-০ গোলের ব্যবধানে। দুটি গোলেরই কারিগর ছিলেন মেসি। চলতি মৌসুমে এখনো তাই অপরাজিত মায়ামি। আজ রাতে ‘ফ্লোরিডা ডার্বি’র আগে মায়ামি কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, ‘মেসির কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করছে ইন্টার মায়ামি’।
মার্তিনো বলেছেন, ‘আমার মনে হয় শেষ দুই ম্যাচে সে অনেক শক্তি খরচ করেছে। কিন্তু আমার দায়িত্ব হলো দলকে এমনভাবে পরিচালিত করা, যেন আমরা তার কাছ থেকে সেরাটা নিতে পারি।’ চলতি মাসে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ব্যস্ত সূচি ৩৬ বছর বয়সী মেসির সামনে। মার্তিনো মনে করেন মেসির ওপর থেকে চাপ কমানোর জন্য সব ম্যাচে না খেলিয়ে একটা ভিন্ন পথ বের করা প্রয়োজন। যাতে করে দল তার কাছ থেকে সেরাটা পায়।
কোচ বলেন, ‘মায়ামির এমন পথ খুঁজে বের করতে হবে যেন মেসিকে গোলের কাছাকাছি খেলানো যায়। ওরল্যান্ডোর বিপক্ষে লিগস কাপে সে আক্রমণভাগে বল পেয়ে ফিনিশ করেছে। বক্সের ভেতর থেকে গোল করেছে। এটাই আমাদের ফিরিয়ে আনতে হবে—খেলা তৈরির পাশাপাশি সে যেন বেশি বেশি গোলও করতে পারে।’
আজ রাতের ফ্লোরিডা ডার্বিতে মাঝমাঠের নতুন আর্জেন্টাইন সংযোজন ফেডেরিকো রেডন্ডোর মায়ামি জার্সিতে অভিষেক হতে পারে।
