পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে আবারও আসীন হলেন পিএমএল-এন সভাপতি এবং জোটের প্রধানমন্ত্রী পদের প্রার্থী শেহবাজ শরিফ। দেশটির জাতীয় পরিষদের ভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তিনি।
রোববার স্থানীয় সময় সকাল ১১টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে তা শুরু হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দ্যা এক্সপ্রেস ট্রিবিউন।
নতুন প্রধানমন্ত্রী পদে প্রার্থী ছিলেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ওমর আইয়ুব।
এক্সপ্রেস ট্রিবিউন জানায়, জাতীয় পরিষদের ভোটাভুটিতে শেহবাজ তার প্রতিপক্ষ ওমর আইয়ুবের তুলনায় ১০০ ভোট বেশি পেয়ে এগিয়ে ছিলেন। তিনি মোট ২০১টি ভোট পেয়েছেন এবং পিটিআই-এর নেতা ওমর ৯২টি ভোট পান।
এবারের প্রধানমন্ত্রী নির্বাচনে মুতাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি), ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সবাই পিএমএল-এন-এর প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন। ফলে শাহবাজ শরিফ যে আবারও সরকার প্রধান হবেন তা এক প্রকার নিশ্চিত ছিল।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী, দেশটির প্রধানমন্ত্রী হতে হলে প্রার্থীকে ৩৩৬ পার্লামেন্ট সদস্যের মধ্যে ১৬৯ জনের ভোট পেতে হয়।
জাতীয় হিরো থেকে গৃহহীন
মনোনয়নের আরও কাছাকাছি ট্রাম্প