রাজধানীর গুলশান, ধানমন্ডি, মিরপুর ও উত্তরার প্রায় অর্ধশত রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে পুলিশ। রোববার দুপুরের পর থেকে এই অভিযান চালানো শুরু করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় প্রতিষ্ঠানের অনুমোদন আছে কিনা, জরুরি বহির্গমন সিঁড়ি রয়েছে কিনা, নিরাপদ স্থানে গ্যাস সিলিন্ডার ব্যবহার করছে কিনা, অগ্নিনির্বাপণ যন্ত্র এবং ঝুঁকির বিষয়টি নজরদারি করা হয়। গতকাল রাত ১১টা পর্যন্ত আটক করা হয়েছে বিভিন্ন রেস্তোরাঁর ৪০ কর্মীকে। তাদের মধ্যে কয়েকটি রেস্তোরাঁর ব্যবস্থাপকও রয়েছেন। এ ছাড়া যেসব রেস্তোরাঁয় ছোটখাটো অনিয়ম পাওয়া গেছে, তাদের মুচলেকা রেখে সতর্ক করা হয়েছে।
গুরুতর অনিয়ম ও ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা। তবে অনিয়ম কম পাওয়া গেছে এবং পরবর্তী সময়ে নিয়ম মেনে রেস্তোরাঁ চালাবে– এমন মুচলেকা দেওয়ায় অনেককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া প্রথমবারের মতো বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, রেস্তোরাঁয় এ ধরনের অভিযান চালানোর ঘটনা পুলিশের এটাই প্রথম। তাই সতর্কতার সঙ্গে আইন প্রয়োগ করা হচ্ছে। গুরুতর অনিয়ম পেলে মামলা করা হচ্ছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, ধারাবাহিকভাবে এই ধরনের অভিযান চলবে। অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করেই এটি চালানো হবে।
