অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা ভূখণ্ডতে দ্রুত যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ সময় তিনি ইসরায়েলের কঠোর সমালোচনা করেন।
গতকাল রোববার যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে এক বক্তব্যে এসব কথা বলেন কমলা হ্যারিস। সোমবার এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, বক্তব্যে কমলা হ্যারিস বলেন, গাজায় দুর্ভোগের মাত্রা চরমে পৌঁছেছে, এমন অবস্থায় উপত্যকায় অন্তত ছয় সপ্তাহের যুদ্ধবিরতি অবিলম্বে দরকার, যা এখন আলোচনার টেবিলে আছে।
এ সময় ইসরায়েলের কঠোর সমালোচনা করে কমলা হ্যারিস বলেন, ‘নতুন সীমান্ত ক্রসিং খোলা এবং "অপ্রয়োজনীয় বিধিনিষেধ" আরোপ না করার প্রতিশ্রুতিসহ ইসরায়েল সরকারকে অবশ্যই আরও কিছু করতে হবে। এ ক্ষেত্রে কোনো অজুহাত চলবে না।‘
তিনি আরও বলেন, “গাজার মানুষ ক্ষুধার্ত। সেখানের পরিস্থিতি অমানবিক এবং আমাদের মানবতা আমাদের কাজ করতে বাধ্য করে।”
ইসরায়েলকে নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার সবচেয়ে কড়া মন্তব্য এটি। ইসরায়েলের প্রতি সমর্থনের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন প্রচণ্ড চাপের মুখে, তখন এমন মন্তব্য করলেন তাঁর ভাইস প্রেসিডেন্ট।
গাজাতে যুদ্ধবিরতির প্রস্তাবিত চুক্তিটি হামাসকেও মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন হ্যারিস। তিনি মনে করেন, চুক্তির আওতায় জিম্মিরা মুক্তি পাবেন, গাজায় উল্লেখযোগ্য পরিমাণে ত্রাণ পৌঁছানো সম্ভব হবে।
এদিকে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা গত শনিবার বলেছেন, প্রস্তাবিত চুক্তিটি মোটামুটি মেনে নিয়েছে ইসরায়েল।
যুদ্ধবিরতির এই প্রস্তাবে বলা হয়েছে, হামাস যদি সবচেয়ে দুর্বল-অরক্ষিত জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়, তবে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠানে গোলাগুলি, নিহত ৪