ট্রাম্পের পক্ষেই সুপ্রিম কোর্টের রায়

  •  ট্রাম্পকে প্রাইমারিতে অযোগ্য ঘোষণা করে কলোরাডো অঙ্গরাজ্যের আদালতের রায় অবৈধ ঘোষণা করেছে ফেডারেল সুপ্রিম কোর্ট 
  • সুপ্রিম কোর্টের দেওয়া এই রায়কে আমেরিকার বিজয় বলে বর্ণনা করেছেন ডোনাল্ড ট্রাম্প
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০১:০০ পিএম

যুক্তরাষ্ট্রে চলতি বছরের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দলীয় প্রার্থী বাছাইয়ে লড়াইয়ে অংশ নিতে পারবেন বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় সোমবার এ রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রাইমারিতে অযোগ্য ঘোষণা করে কলোরাডো অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্টের দেওয়া রায় অবৈধ ঘোষণা করে দেশটির ফেডারেল সুপ্রিম কোর্ট এই রায় দিলেন।

গতকাল সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

সোমবার সুপ্রিম কোর্ট রায়ে বলেছে, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের হামলার প্রেক্ষাপটে রাজ্য তার ভোটে দাঁড়ানো নিষিদ্ধ করতে পারে না।

ফেডারেল সুপ্রিম কোর্টের বিচারপতিরা সর্বসম্মতিক্রমে রায়ে বলেন, সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের পদে প্রার্থী হতে কাউকে অযোগ্য ঘোষণা করতে পারবে না কোনো অঙ্গরাজ্য।

যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী গত বছরের ডিসেম্বরে কলোরাডোর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, আইনসভা ক্যাপিটল হিলে বিদ্রোহে ট্রাম্পের যে ভূমিকা ছিল সেকারণে এবছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তাকে অযোগ্য ঘোষণা করা উচিত।

যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী কোনো ব্যক্তি রাষ্ট্রবিরোধী কোনো তৎপরতায় উসকানি বা সমর্থন দিলে তাঁকে সরকারি পদে অযোগ্য ঘোষণার এখতিয়ার রাখেন আদালত।

তবে গতকাল রায়ে ফেডারেল সুপ্রিম কোর্ট বলেছেন, শুধু কংগ্রেস সংবিধানের এই অনুচ্ছেদ প্রয়োগ করতে পারে। ফলে কোনো রাজ্য এই অনুচ্ছেদ ব্যবহার করে কাউকে অযোগ্য ঘোষণা করতে পারবে না।

সুপ্রিম কোর্টের দেওয়া এই রায়কে আমেরিকার বিজয় বলে বর্ণনা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত