ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে বিশ্রামে আছেন সাকিব আল হাসান। তবে আসন্ন দ্য হান্ড্রেডে দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে। ইংল্যান্ডের জমকালো এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার আগ্রহ দেখিয়ে ড্রাফটে নাম দিয়েছেন সাকিব। তামিম ইকবালও দিয়েছেন নাম।
দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের মোট ১৫ পুরুষ ক্রিকাটার এবং একজন নারী ক্রিকেটার নাম দিয়েছেন।
সাকিব আছেন ৭৫ হাজার পাউন্ড (১ কোটি ৪ লাখ টাকা প্রায়) ক্যাটাগরির মূল্য তালিকায়। তবে তামিম ইকবাল আছেন ৬০ হাজার পাউন্ড (৮৩ লাখ ৫১ হাজার টাকা প্রায়) শ্রেণিতে। লিটন দাসও আছেন ৬০ পাউন্ডের শ্রেণীতে।
এছাড়া দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম নাম লিখিয়েছেন ৫০ হাজার পাউন্ড (৬৯ লাখ ৫৯ হাজার টাকা প্রায়) শ্রেণিতে।বাকি ১০ জন বাংলাদেশি নিজেদের কোনো সর্বনিম্ন দাম উল্লেখ করেননি। এই শ্রেণিতে আছেন নাসুম আহমেদ, জাকের আলী, তানজিদ হাসান, আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার।
নারীদের টুর্নামেন্টের ড্রাফটে থাকা একমাত্র বাংলাদেশি জাহানারা সর্বনিম্ন মূল্য নির্ধারণ না করা খেলোয়াড়দের তালিকায় আছেন।
২০২১ সালে চালু হওয়া ইংল্যান্ডের ১০০ বলের এ প্রতিযোগিতায় এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ক্রিকেটার খেলেননি। এবারের শুরু হবে আগামী ২৩ জুলাই। তার আগে হ্যান্ড্রেডের পুরুষ ও নারী টুর্নামেন্টের ড্রাফট আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে।
২২ দেশের ৮৯০ জন ক্রিকেটার এই টুর্নামেন্টের ড্রাফটে নিজেদের নাম জমা দিয়েছেন। তবে সুযোগ পাবেন মাত্র ৭৫ জন।
প্রতিটি দলের স্কোয়াড হবে ১৬ জনের। এরই মধ্যে দলগুলোর রিটেইন খেলোয়াড়দের তালিকা জমা দিয়েছে। টুর্নামেন্টের আগে ওয়াল্ড কার্ড ড্রাফটের মাধ্যমেও ক্রিকেটারদের দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
