বাড়তি পরিবহনের চাপের কারণে প্রায় ১৭ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে টাঙ্গাইল মহাসড়কে।
বুধবার (৬ মার্চ) ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে কালিহাতীর রসুলপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে চরম বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা।
সরেজমিনে দেখা গেছে, টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৪ কিলোমিটার দুই লেনেই পরিবহনের চাপ রয়েছে। তবে এলেঙ্গা হতে ঢাকাগামী লেনে তেমন পরিবহন নেই।
এদিকে দীর্ঘ যানজটের কারণে উত্তরবঙ্গগামী এবং ঢাকাগামী পরিবহনগুলো এলেঙ্গা হতে ভুঞাপুর-তারাকান্দি- বঙ্গবন্ধু সেতুপূর্ব আঞ্চলিক সড়ক ব্যবহার করে সেতু গোলচত্বর হয়ে চলাচল করছে।
চালকরা বলেন, আজকে সড়কে পরিবহনের চাপ বেশি তাই দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এছাড়া মাঝেমধ্যে ভোর থেকেই এই সড়কে যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়তে চালকদের বলেও জানান তারা।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মহাসড়কে পরিবহনের চাপ বেশি সেই সঙ্গে এলেঙ্গা হতে সেতুপূর্ব পর্যন্ত দুই লেনে সড়কে পরিবহনের ধীরগতি হলেই ট্রাকচালকরা ঘুমিয়ে যায়। এতে পেছনের গাড়িগুলোও মনে করে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা কাজ করছে বলেও জানান তিনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হবে।
