রোহিতের কটাক্ষ, 'ঋষভ পান্তকে তাহলে দেখেনি ডাকেট'

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৭:২১ পিএম

সচরাচর ব্যাট হাতে এমন পালটা দিতে দেখা যায় রোহিত শর্মাকে। প্রতিপক্ষ দলের কারও মন্তব্য নিয়ে এমন আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে কদাচিৎই দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। তবে ইংল্যান্ডের বিপক্ষে ধর্মশালা টেস্টের আগে হিটম্যান বাজবল প্রসঙ্গে নিজের মতামত জানাতে গিয়ে বাজবল স্টাইলেই ছক্কা হাঁকালেন। বেন ডাকেটকে তিনি ধুয়ে দিলেন ঋষভ পান্তের উদাহরণ টেনে।

প্রথমত, বাজবল জমানায় ইংল্যান্ড টেস্টে আগ্রাসী ব্যাটিং করে ঠিকই, তবে তার মানে এই নয় যে, বেন স্টোকসদের আগে আর কোনও দলের কোনও ক্রিকেটারকে টেস্টে দ্রুত রান তুলতে দেখা যায়নি। বাজবল প্রসঙ্গে তর্কের খাতিরে অনেকেই বীরেন্দ্র সেহওয়াগকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। 

টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশের পর থেকে যশস্বী জসওয়াল দ্রুত গতিতে রান তুলতে অভ্যস্ত। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে যশস্বী রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন ব্যাট হাতে। সব দেখে শুনে ব্রিটিশ তারকা বেন ডাকেট কৃতিত্ব দেওয়ার চেষ্টা করেন তাদের বাজবল স্টাইলকে। তার দাবী, ‘যখন আপনি প্রতিপক্ষের খেলোয়াড়দের এভাবে খেলতে দেখবেন, অন্যরা যেভাবে টেস্ট ক্রিকেট খেলছে, তার চেয়ে আলাদাভাবে (কাউকে) খেলতে দেখলে মনেই হয় যে আমাদের একটু কৃতিত্ব নেওয়া উচিত।’

অনুশীলনে অন্যদের সঙ্গে বেন ডাকেট (সর্ববামে)। ছবি: এক্স

শেষ টেস্টের আগে ডাকেটের এমন মন্তব্য প্রসঙ্গে রোহিত শর্মার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি হাসিমুখে কটাক্ষ ছুঁড়ে দেন বাজবল শৈলীকে। রোহিত বলেন, ‘যশস্বী জসওয়াল বেন ডাকেটের থেকে শিখেছে? আমাদের দলে একজন ছেলে ছিল, যার নাম ঋষভ পান্ত। সম্ভবত বেন ডাকেট তার খেলা দেখেনি।'

রোহিত আরও বলেন, ‘আমি বুঝি না ব্যাজবল ক্রিকেটটা আসলে কী! আমি তো কাউকেই দুমদাম ব্যাট চালাতে দেখছি না। গতবারের তুলনায় এবার ইংল্যান্ড ভালো ক্রিকেট খেলছে বটে, তবে আমি জানি না বাজবলের মানেটা কী।’

বৃহস্পতিবার থেকে হিমালয়ের কোলে অবস্থিত ধর্মশালায় শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ। ভারত ইতিমধ্যেই ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয় নিশ্চিত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত