জেলা প্রশাসকদের উচ্চ আদালতের রায় বাস্তবায়নের আহ্বান প্রধান বিচারপতির 

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৮:৩৯ পিএম

মাঠ পর্যায়ের সর্বোচ্চ প্রশাসক হিসেবে জেলা প্রশাসকদের (ডিসি) সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। জেলা প্রশাসক সম্মেলন- ২০২৪ উপলক্ষে ডিসিদের প্রতি অভিভাষণে এ আহ্বান জানান তিনি। 

বুধবার (৬ মার্চ) সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে এ অভিভাষণ অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট প্রশাসনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি এ. ইনায়েতুর রহিম, মো. আবু জাফর সিদ্দিকী, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী প্রমুখ।  

 প্রধান বিচারপতি বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে নিজ নিজ অবস্থান থেকে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করা। আইনের শাসন, ন্যায় বিচার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, সুশাসন ও সার্বিক জনকল্যাণ নিশ্চিত করণের অন্যতম পূর্বশর্ত হচ্ছে রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে পারস্পারিক নির্ভরশীলতা। প্রত্যেকে নিজ নিজ কর্মব্যপ্তির মধ্য থেকে রাষ্ট্রের মালিক তথা জনগণের কল্যাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়া।’ 

তিনি আশা প্রকাশ করে বলেন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ ও মাঠ প্রশাসন একে অপরের পরিপূরক। এ পারস্পারিক সৌহার্দ্য, সম্প্রতি ও সহযোগিতা ভবিষ্যতেও বজায় থাকবে। 

প্রধান বিচারপতি তার বক্তব্যে বিচার বিভাগ সুশাসন প্রতিষ্টায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন। একই সঙ্গে বিচার বিভাগকে আক্ষরিক অর্থে মানুষের আস্থার জায়গায় প্রতিষ্ঠাকরণের জন্য তিনি বিচার বিভাগের সার্বিক উন্নতিকরণের লক্ষ্যে বিচার বিভাগ কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। মামলাজট নিরসনে মাঠ প্রশাসনের সক্রিয় অংশগ্রণের আশা প্রকাশ করে মাঠ প্রশাসক হিসেবে জেলা প্রশাসকদের উচ্চ আদালতের রায় বাস্তবায়নের আহবান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত