লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুর খননের সময় পরিত্যক্ত একটি মর্টারশেল উদ্ধার করেছে শ্রমিকরা। বুধবার (৬ মার্চ) বিকেলে উপজেলার বড়খাতা পুরাতন মুন্সিটারি জামে মসজিদের ঈদগাহ মাঠের মাটি সমান করতে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করা হয়। পরে সেটি হাতীবান্ধা থানা পুলিশ নিয়ে যান। এদিকে মর্টার শেলটি দেখতে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বড়খাতা ইউনিয়নের বড়খাতা পুরাতন মুন্সিটারি জামে মসজিদের ঈদগাহ মাঠের জন্য পুকুরের মাটি খনন করছিল শ্রমিকরা। এ সময় হঠাৎ শ্রমিকের কোদালের সঙ্গে লোহা জাতীয় কিছুর আঘাত লাগে। পরে সেটি উদ্ধার করে দেখেন মর্টার শেল। তখন শ্রমিকরা স্থানীয় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত মর্টার সেলটি উদ্ধার করেন। এখন সেটি থানায় রাখা হয়েছে।
মর্টার শেলটি ১২ ইঞ্চি লম্বা ও ওজন প্রায় ৫/৬ কেজি। ধারণা করা হচ্ছে এটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার।
হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক শফিক বলেন, পরিত্যক্ত মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ জায়গায় রাখা হয়েছে। এ ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। আগামীকাল এটি নিষ্ক্রিয় করা হবে।
