সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনের ভোট গ্রহণ চলছে

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০১:২৯ পিএম

দেশের আইনজীবীদের সর্বোচ্চ বার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সেশনের নির্বাচনের দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শুরু হয়েছে। দুইদিনব্যাপী এই নির্বাচন গতকাল বুধবার শুরু হয়। কাল প্রথম দিনে ভোট দিয়েছেন ৩২৬১ জন আইনজীবী।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টার পর ভোট গ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এরপর ভোট গণনার পালা।

নির্বাচন সংক্রান্ত উপ কমিটির আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের এ তথ্য জানান।

প্রথম দিনের মতো আজ দ্বিতীয় ও শেষ দিনেও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে। আজও সকাল থেকে সুপ্রিমকোর্ট বার প্রাঙ্গণে উৎসবমুখর অবস্থা বিরাজ করছে। প্রার্থীদের সমর্থকেরা লাইনে দাঁড়িয়ে ভোটারদের কাছে তাদের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন। ভোটগ্রহণের জন্য নির্বাচন উপ-কমিটি সুপ্রিম কোর্ট ভবনের অডিটোরিয়ামে ৫০ টি বুথ স্থাপন করেছে। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৮৮৩ জন।

সাদা প্যানেলের প্রার্থী যাঁরা
তফসিল ঘোষণার পর ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ তাদের প্রার্থীদের (সাদা প্যানেল) নাম ঘোষণা করে। এই প্যানেল থেকে সভাপতি পদে আবু সাঈদ সাগর, সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সহসভাপতি পদে রমজান আলী শিকদার ও দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহসম্পাদকের দুটি পদে মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ুন কবির প্রার্থী হয়েছেন। সদস্যের সাতটি পদে মোহাম্মদ খালেকুজ্জামান ভূঁইয়া, মাহমুদা আফরোজ, মো. বেলাল হোসেন, খালেদ মোশাররফ, মো. রায়হান রনি, সৌমিত্র সরদার ও রাশেদুল হক খোকন প্রার্থী হয়েছেন।

নীল প্যানেলের প্রার্থী যাঁরা
১৭ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এই প্যানেল থেকে সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস, সহসভাপতি পদে মো. হুমায়ুন কবির ও সরকার তাহমিনা বেগম, কোষাধ্যক্ষ পদে মো. রেজাউল করিম, সহসম্পাদক পদে মাহফুজুর রহমান ও মো. আবদুল করিম প্রার্থী হয়েছেন। সদস্যের সাতটি পদে ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহী, মো. শফিকুল ইসলাম শফিক, মো. রাসেল আহমেদ, মো. আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ ও মো. ইব্রাহিম খলিল প্রার্থী হয়েছেন।

বিভিন্ন পদে অন্য প্রার্থী যাঁরা
যাচাই–বাছাই শেষে ২৫ ফেব্রুয়ারি বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এতে ১৪টি পদের বিপরীতে বৈধ প্রার্থীর সংখ্যা ৩৩। দুই প্যানেলের বাইরে সভাপতি পদে আরও দুজন প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন মো. ইউনুছ আলী আকন্দ ও মো. খলিলুর রহমান বাবলু (এম কে রহমান)। সম্পাদক পদে ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া ও নাহিদ সুলতানা যূথী প্রার্থী হয়েছেন। মো. সাইফুল ইসলাম কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত