টালিগঞ্জ থেকে জামনগর, সব জায়গায় বিয়ের আবহ। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ের রেশ এখনও চলছে। এদিকে রেজিস্ট্রি করে বিয়ে সেরেছেন অনুপম রায় ও প্রস্মিতা পাল। কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ রেজিস্ট্রির পর অবশ্য আনুষ্ঠানিকভাবেই সাত পাকে বাঁধা পড়েছেন। এবার কি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়ের পালা? এমন প্রশ্ন উঠতেই মুখ খুললেন বনি।
বনি-কৌশানির বিয়ে নিয়ে দুটি রটনা শোনা যাচ্ছিল। কেউ বলছিলেন লোকসভা ভোটের পরই তারকা যুগলের চার হাত এক হবে। কারও আবার দাবি ছিল চলতি বছরের নভেম্বর মাসে হবে শুভদৃষ্টি। তবে অভিনেতা জানান, এখনই এমন কিছু ঘটছে না। তিনি ও কৌশানী এখন কাজে ব্যস্ত। হাতের কাজগুলো একটু কমলে ভাবনাচিন্তা করা যেতে পারে।
বিয়ে কবে করবেন, এমন প্রশ্নে বনির উত্তর, ২০২৫ সালের আগে কোনওভাবেই নয়। আর সেই আয়োজন অবশ্যই গ্র্যান্ড হবে। উৎসব বলা যেতে পারে।
মেহেদি, সঙ্গীত সব কিছুতে একেবারে ফিল্মি স্টাইলেই বিয়ে সারতে চান টলিউডের নায়ক। আপাতত, তার হাতে রয়েছে ‘রবিন’স কিচেন’, ‘আয়ু রেখা’, ‘ডিয়ার ডায়েরি’র মতো সিনেমা।
২০১৫ সালে মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারব না আমি ছাড়তে তোকে’। সেই সিনেমাতে জুটি বাঁধেন বনি ও কৌশানি। রুপালি পর্দার প্রেম বাস্তবে পরিণত হতে খুব বেশি সময় লাগেনি। প্রেম নিয়ে কোনওদিন লুকোছাপা করেননি তারকা যুগল।
ব্রেকাপের পরেও একসঙ্গে শুটিং, ‘অস্বস্তিতে’ সালমান- ক্যাটরিনা! 