বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৬:২৮ পিএম

নাম বদলে ফেলা হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের। নতুন নাম দেওয়া হচ্ছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ এবং সমন্বয় সভায় সিদ্ধান্তের পর আরো কিছু প্রক্রিয়া মেনে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হচ্ছে।

নারী দিবস উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে, কিন্তু মন্ত্রণালয়ের নাম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের জানাতে চাই- আগামী ১১ মার্চ আমার দুই মাস (প্রতিমন্ত্রী হিসেবে) হবে। আমরা এক মাসের মধ্যে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। যেহেতু আমাদের সংবিধানে মহিলা শব্দটি নেই, নারী আছে, আমরা একটা প্রস্তাব করে ফেলেছি আমাদের মন্ত্রণালয়ের নাম নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার জন্য।

তিনি বলেন, আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিরও বৈঠক হয়ে গেছে। প্রথম বৈঠকেও কমিটির জোর সুপারিশ ছিল এটার নাম নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করা হোক।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক’ মন্ত্রণালয় করার সুপারিশ করে সম্পর্কিত স্থায়ী কমিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত