তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাত, কলেজ ছাত্র নিহত

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৯:১৭ এএম

রাজধানীর উত্তর মুগদায় ধারালো অস্ত্রের আঘাতে পিয়াস ইকবাল (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি কবি নজরুল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। এই ঘটনায় তার বন্ধু শামীম (২৪) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত দশটার দিকে উত্তর মুগদা লিটল এঞ্জেল গলিতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যান পিয়ার।

হাসপাতালে পিয়াসের প্রতিবেশী ফখরুল আলম জানান, পিয়াসের বাবার নাম ইকবাল হোসেন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। বর্তমানে উত্তর মুগদায় থাকেন। রাত দশটার দিকে তারই পরিচিত এবং কয়েকজন বন্ধু-বান্ধব তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর বাসার অদূরে লিটল এঞ্জেল গলিতে তাকে ও তার বন্ধু শামীমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পিয়াস মারা যান। শামীম হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি রয়েছেন।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, পিয়াসের মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর শামীম জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। মোবাইল কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি  মুগদা থানা পুলিশ তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত