রাজধানীর উত্তরখান ময়নারটেক এলাকায় অটোরিকশা ধাক্কায় আলী হোসেন (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উত্তরার একটি মার্কেটে সুপারভাইজার হিসেবে চাকরি করতেন।
আজ শুক্রবার (৮ মার্চ) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ছেলে জাকারিয়া হোসেন জানান, উত্তরা রাজলক্ষী মার্কেটের পাশের একটি মার্কেটের সুপারভাইজার হিসেবে চাকরি করেন তার বাবা আলী হোসেন। পরিবার নিয়ে থাকেন গাজীপুর কালীগঞ্জের উলুখোলা এলাকায়। রাত্রিকালীন ডিউটি শেষে সকালে আলী হোসেন সেই বাসায় ফিরছিলেন। তখন তারা খবর পান, উত্তরখান ময়নারটেক এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তার বাবাকে ধাক্কা দিয়েছে। পরবর্তীতে তারা স্থানীয় একটি হাসপাতালে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি উত্তরখান থানায় জানানো হয়েছে।
ভাঙ্গায় বাস খাদে পড়ে ২ জনের মৃত্যু
মেট্রোরেলে ঘোষণা 'পকেট মার হতে সাবধান'!