ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি বাস উল্টে ঘটনাস্থলে দুইজন নিহত ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এ দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী বাবলাতলা বাজার নামক এলাকায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খায়রুল আনাম জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বরগুনা থেকে ছেড়ে আসা ইমরান পরিবহনের একটি বাস ভাঙ্গার চুমুরদী এলাকায় এসে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাতে পড়ে যায়। এ সময় এই দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ভাঙ্গা থানা, হাইওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় ঘটনাস্থলে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে মারাত্মক আহত একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. নোমান শিকদার।
নিহতরা হলেন পাবনা জেলার সাথিয়া থানার পুনডুরিয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে শফিকুল ইসলাম সুরুজ (৪৫)। অপর দুইজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ছাড়া আহত নারী ও পুরুষসহ প্রায় ১০ জন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এর মধ্যে গুরুতর আহত দুইজনকে ভাঙ্গা থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে নিহত ও আহতদের পরিচয় সনাক্তের কার্যক্রম চলছে।
তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাত, কলেজ ছাত্র নিহত