গোল্ডেন জুবিলি উপলক্ষে বিসিএসআইআর-এর বৈজ্ঞানিক সম্মেলন

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১০:২৪ পিএম

বিসিএসআইআর—এর গোল্ডেন জুবিলি উপলক্ষে এবং বিজ্ঞান গবেষণায় বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন (কংগ্রেস) শুরু হয়েছে। আজ শুক্রবার (৮ মার্চ) সকাল ৯টায় বিসিএসআইআর এর ধানমন্ডি ক্যাম্পাসে সম্মেলনটি শুরু হয়েছে।

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা ইনষ্টিটিউটের পাশাপাশি বিশ্বের প্রায় ৩০টির অধিক দেশের বিশেষ করে আমেরিকা, চীন, জাপান, অষ্ট্রেলিয়া, ভারত, কোরিয়া, বৃটেন ও অন্যান্য দেশের প্রায় শতাধিক বিজ্ঞানী ও গবেষকসহ সহস্রদিক গবেষক এই বৈজ্ঞানিক সম্মেলনে তাদের গবেষণা কর্ম তুলে ধরবেন।

বিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ড. সামন্ত লাল সেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞানের অগযাত্রার কোনো বিকল্প নেই, তাই বৈজ্ঞানিক গবেষণাকে আরো গুরুত্ব দিতে তিনি এদেশের বিজ্ঞানীদের আহ্বান জানান।

তিনি আরও বলেন, এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন উদীয়মান বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময় বৃদ্ধি করবে এবং বিভিন্ন দেশের গবেষণা সংস্থাগুলোর মধ্যে সংযোগ সাধন করবে। বিজ্ঞান যেহেতু একটি উন্মুক্ত বিষয় তাই এটি উন্মুক্ত ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়তে অবদান রাখবে।

চীফ প্যাট্রোন হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি বলেন, এদেশের মানুষের কল্যাণে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে যেতে বিসিএসআইআর—এর সকল বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবকদের তাদের মেধাশক্তি কাজে লাগাতে হবে।

সভাপতির ভাষণে বিসিএসআইআর এর চেয়ারম্যান ড. মো. আফতাব আলী শেখ সবাইকে ধন্যবাদ জানিয়ে তার শুভেচ্ছা বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত