নতুন রেকর্ডে মাবিয়ার জ্বলে ওঠা

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০১:৩৬ পিএম

নতুন জাতীয় রেকর্ড গড়ে আবারও আলোচনায় উঠে এসেছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। সাম্প্রতিক বছরগুলোতে একটা গন্ডিতে বাধা পড়ে যাওয়ায় তাকে নিয়ে প্রত্যাশা কমে গিয়েছিল। ‘বুড়িয়ে গেছে’, ‘আর কিছু হবে না’ এরকম অনেক কটুকথা তাকে শুনতে হয়েছে। তবে মাবিয়া হাল ছাড়েননি।

বাংলাদেশ আনসারের এই লিফটার শনিবার বাগেরহাটে চলমান ৪০তম পুরুষ ও ১৭তম মহিলা জাতীয় ভারোত্তোলনের ৭১ কেজি ওজন শ্রেণীতে ভেঙেছেন মুনিরা কাজীর রেকর্ড। কেবল তাই নয়, ক্যারিয়ার সর্বোচ্চ ওজন তুলে নিজের সর্বোচ্চ ওজন তোলার রেকর্ডকেও পেছনে ফেলেছেন মাবিয়া।

মাবিয়া সাধারণত ৬৩-৬৪ কেজি ওজনশ্রেণিতে খেলেন। তবে এবার ওজন বাড়িয়ে তিনি অংশ নেন ৭১ কেজিতে। এই ওজন শ্রেণীতে জাতীয় রেকর্ড ছিল মনিরা কাজীর ১৭৫ কেজি। এবার সেই রেকর্ডটকে পেছনে ফেলতে মাবিয়া ক্লিন এন্ড জার্কে ১০৮ ও স্ন্যাচে তোলেন ৮২ কেজি। দুয়ে মিলে ১৯০ কেজি ওজন তুলে হইচই ফেলে দেন নিজের চেষ্টায় অনুশীলন করে যাওয়া মাবিয়া।

এর আগে ২০২৩ জাতীয় চ্যাম্পিয়নশিপে ৬৪ কেজি ওজন শ্রেণীতে অংশ নিয়ে ক্যারিয়ার সর্বোচ্চ ১৮৪ কেজি (১০৩ ও ৮১ কেজি) তুলেছিলেন ২০১৬ এসএ গেমসে সোনা জিতে আলোড়ন সৃষ্টি করা মাবিয়া। এক বছরের ব্যবধানে ওজণশ্রেণী পাল্টে ফের বাজিমাত করলেন তিনি। অতীতে বাংলাদেশের কোন লিফটার কোন ওজনশ্রেণীতেই এই ওজন তুলতে পারেনি।

নিজেকে আরেকবার প্রমাণ করে মাবিয়া ফোনে দেশ রূপান্তরকে বলেন, ‘চোটের কারণে গত কয়েক বছর নিজের সেরাটা দিতে পারছিলাম না। অনেকেই এ নিয়ে অনেক কটূকথা বলেছে। বুড়া হয়ে গেছি, আমাকে দিয়ে কিছু হবে না- এমন অনেক কথাই সহ্য করতে হয়েছে। তারপরও আমি হাল ছাড়িনি। নিজের চেষ্টায় নিজেকে প্রস্তুত করে চেয়েছিলাম এমন কিছু করি যাতে সারাজীবন মানুষ আমাকে মনে রাখে। আমার দেখাদেখি এখন হয়তো অনেকেই বেশি ওজন তুলবে। তবে সবার আগে ১০৮ কেজ, ৮২ কেজি তোলার রেকর্ডটা আমারই থাকবে।’

দীর্ঘ ক্যারিয়ারে সাফল্য যেমন পেয়েছেন, অনেক বঞ্চনাও সহ্য করতে হয়েছে। নিজেদের দাবী-দাওয়া আদায়ে সবসময় সামনের সাড়িতে এসে সোচ্চার হয়েছেন বলে অনেকেরই চক্ষুশূল তিনি। তবে পারফরম্যান্স দিয়েই আরেকবার বুঝিয়ে দিলেন তিনিই সেরা।

তবে সামনের দিনগুলোতে সতর্ক হয়ে চলতে চান মাবিয়া, ‘বয়স বাড়ছে। আপনারা জানেন লিফটারদের বাজে রকম ইনজুরি হয়। এ থেকে পঙ্গুত্বও বরণ করতে হতে পারে। তাই এখন থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজের ওজনশ্রেণী ঠিক করে খেলবো।’

২০১৬ সালের পর ২০১৯ এসএ গেমসেও সোনা জিতেছিলেন মাবিয়া। আরেকবার দক্ষিণ এশিয়ার মঞ্চে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে ক্যারিয়ারের পূর্ণতা দিতে চান মাবিয়া, ‘অনেক দিন ধরেই কোন কোচের অধীনে নেই আমি। নিজে নিজেই প্রশিক্ষণ নেই। কঠোর পরিশ্রম করছি শুধুমাত্র আরেকবার এসএ গেমসে স্বর্ণপদক জয়ের লক্ষ্য নিয়ে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত