ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও চরমোনাই কামিল মাদরাসার প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, শিল্পমন্ত্রীর বরই রেসিপি রোজাদারদের সঙ্গে ঠাট্টার শামিল। তিনি রোজাদারদের খেজুরের পরিবর্তে বরই দিয়ে ইফতারের কথা বলে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য রেখেছেন। ইফতারের সাধারণ একটি আইটেম হলো খেজুর। সরকার সেই খেজুর নিয়েও সিন্ডিকেটে লিপ্ত। শিল্পমন্ত্রী খেজুর আমদানিকারক সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ করেছেন। তার সেই দায়ভার আড়াল করার জন্যই বরই রেসিপির কথা বলছেন।
আজ শনিবার বিকেলে মিরপুর ১ নম্বর গোল চত্বরে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার রোজাদারদের সম্মানে খেজুর আমদানিতে ভর্তুকি দিতে না পারলে অন্তত শুল্ক মওকুফ করে দিতে পারত। কিন্তু আমরা দেখছি খোলা খেজুর; যেটা বিগত দিনে এক শ টাকায় বিক্রি হয়েছে, সেটা এ বছর দুই শ টাকায় বিক্রি হচ্ছে। তার মানে খোলা খেজুর কিনতেও খেটে খাওয়া, দিনমজুর, নিম্নবৃত্তদের নাভিশ্বাস উঠেছে। তাই ডামি সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া মানুষের মুক্তি নেই।
সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, নগর উত্তর সহসভাপতি মাওলানা নুরুল ইসলাম নাইম, ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মুরাদ হোসেন, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মাছউদুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, শ্রমিক নেতা কামাল উদ্দিন, যুবনেতা হাফিজুল হক ফাইয়াজ, মাইদুল ইসলাম সিয়াম প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে প্রিন্সিপাল মাদানি সরকার প্রধানকে উদ্দেশ্য করে বলেন, অন্তত রমজানের পবিত্রতা রক্ষায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করুন। সিন্ডিকেট ব্যবসায়ীদের লাগাম টেনে ধরুন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কিনে খেয়ে যেন মানুষ কমপক্ষে রোজা রাখতে পারে সে ব্যবস্থাটুকু করুন।
তিনি বলেন, নতুন নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ও নাগরিক ফিরিয়ে দিন। গ্যাস ও বিদ্যুতের বর্ধিতমূল্য প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।
তিনি আরও বলেন, চিনি আমদানি করে দেশের পাঁচটি প্রতিষ্ঠান। তাদের ধরলে চিনির দাম বাড়বে না। কিছু দুর্বৃত্ত আমদানি-রপ্তানির নামে দেশের টাকা বিদেশে পাচার করে, দুদক তাদের কিছু করতে পারে না। সমন্বয়ের নামে জনগণের পকেট কাটতে সরকার গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বাড়াচ্ছে। তাই সরকারকে বলব অনতিবিলম্বে নতুন নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে দিন।
সভাপতির বক্তব্যে নগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, রমজান এলেই দেখা যায় মাফিয়া সরকার দলীয় ব্যবসায়ী সিন্ডিকেট লোকগুলো রোজায় ব্যবহৃত প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম বৃদ্ধি করে জনগণকে চরম বিপদে ফেলে দেয়। এখনই এ মুনাফাখোর দেশদ্রোহী সিন্ডিকেটেরদের প্রতিহত করার সময়।
এদিকে আগামীকাল রবিবার বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাগত মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ'র প্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। এতে সভাপতিত্ব করবেন নগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। এ ছাড়া কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
দুই বেয়াইনের লড়াই, শেষ হাসি ছেলের মায়ের
আইসিটি খাতে রপ্তানি আয় ১.৯ বিলিয়ন ডলার: প্রতিমন্ত্রী পলক
ওয়াজ মাহফিলের চাঁদা তোলা নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ীকে মারধর