বন্দর নির্মাণে গাজায় যাচ্ছে মার্কিন সামরিক জাহাজ

  • জাহাজটি গাজায় একটি অস্থায়ী বন্দর নির্মাণের জন্য সরঞ্জাম বহন করছে বলে জানিয়েছে পেন্টাগন
  • ১ হাজার মার্কিন সেনার সাহায্যে অস্থায়ী বন্দরটি তৈরি করতে ২ মাসের মত সময় লাগতে পারে
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১২:৪০ পিএম

যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে ত্রাণ সরবরাহ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। আর তাই গাজা উপকূলে একটি অস্থায়ী বন্দর নির্মাণের জন্য সরঞ্জাম নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে একটি মার্কিন সামরিক জাহাজ।

স্থানীয় সময় শনিবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটি থেকে জেনারেল ফ্রাঙ্ক এস বেসন নামের জাহাজটি যাত্রা শুরু করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমুদ্রপথে গাজাতে ত্রাণ সরবরাহ বাড়াতে ভাসমান বন্দর তৈরির ঘোষণা দিয়েছিলেন। এবার তারই বাস্তবায়ন শুরু হল।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, ‘প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা দেওয়ার ৩৬ ঘণ্টারও কম সময়ে মার্কিন জাহাজটি যাত্রা শুরু করেছে’।

বিবৃতিতে বলা হয়, ‘জাহাজটি গাজায় গুরুত্বপূর্ণ মানবিক সরবরাহের জন্য একটি অস্থায়ী বন্দর নির্মাণের জন্য সরঞ্জাম বহন করছে’।

এর আগে পেন্টাগন জানিয়েছিল যে, ১ হাজার মার্কিন সেনার সাহায্যে অস্থায়ী বন্দরটি তৈরি করতে ২ মাসের মত সময় লাগতে পারে। তবে মার্কিন সেনারা কেউই গাজায় প্রবেশ করবে না বলে জানানো হয়।

এদিকে প্রায় ২০০ টন খাদ্য বোঝাই একটি জাহাজ রবিবার সকালে সাইপ্রাসের একটি বন্দর থেকে যাত্রা করার জন্য ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত