জনগণের জন্য বরই আর তাদের জন্য খেজুর: মির্জা আব্বাস

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৪:২৮ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ডামি নির্বাচন করে ক্ষমতায় এসেছে। বৈশ্বিক চাপের কারণে সরকার এখন ভয়ে আছে। আর দেশটা এখন বিপদের মধ্যে আছে।’

আজ সোমবার (১১ মার্চ) দুপুর রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘দুর্নীতি, লুটপাটের কারণে সরকারের কাছে দেশটা একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। দেশটা এখন বিপদের মধ্যে আছে।’

নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যে রিপোর্ট প্রকাশ করেছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাবেক এই মন্ত্রী ইইউকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেশের মানুষের পক্ষে অবস্থান নিয়েছে।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রমজান স্বস্তিদায়ক হবে না। নিত্যপণ্যের চড়া দামের কারণে গাজার চাইতেও খারাপ অবস্থায় আছে সাধারণ মানুষ। আবারও সব জিনিসের দাম বাড়িয়ে দেয়ার আশঙ্কা রয়েছে।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ১৭ বছর ধরে আন্দোলন করে যাচ্ছে। বিষয়টা এমন না যে কালকেই বিএনপিকে ক্ষমতায় যেতে হবে। আমাদের আন্দোলন জনগণের মৌলিক অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার, বাঁচার অধিকার আদায়ের জন্য। এই আন্দোলন চলবে, থেমে থাকবে না। এর ধারাবাহিকতায় গত বছরের ২৮ অক্টোবর আমাদের সমাবেশ হয়, সেখানে সরকার অতর্কিত আক্রমণ করে।’

মির্জা আব্বাস বলেন, ‘একজন মন্ত্রী বললেন ‘বড়ই দিয়ে ইফতার করেন’। কিন্তু সে মন্ত্রীর হয়তো অভিজ্ঞতাই নাই, খালি পেটে বড়ই খেলে একজন মানুষ মারা যেতে পারেন। খালি পেটে বড়ই খেলে কত বড় মারাত্মক সমস্যা হতে পারে। জনগণের জন্য বরই, বেগুনির বদলে পেঁপে আরও কত কিছু আর তাদের জন্য দামি ফল, খেজুর, আঙুর।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত