বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৭:৩১ পিএম

পটুয়াখালীর বাউফলে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই সাব্বির হোসেন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের সূর্যমনি গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

অভিযুক্ত বড় ভাই মো. সজিব হোসেন বাউফল নবারুণ সার্ভে অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বড় ভাই সজিব হোসেনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ জিজ্ঞাসাবাদে জানা যাবে।

স্থানীয় সূত্রে জানাগেছে, ঘরে বসে সজিব হোসেন তার পিস্তলে গুলি লোড করার সময় ফায়ার হয়। এ সময় গুলি সাব্বির হোসেনের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে পরিবারের লোকজন বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয়েছে বলে প্রচার করে। 

সাব্বিরকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তার মাথায় গুলি দেখে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সাব্বির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত