রাজশাহীতে সানি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৭:৩৭ পিএম

কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার নিয়ে রাজশাহীতে সানি হত্যা মামলার ২ আসামিকে যাবজ্জীবন এবং দুজনকে খালাস দিয়েছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মহিদুজ্জামান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. মঈন আন্নাফ মাহবুব আলম (১৯) ও হাবিবা কুমকুম ঔষি (২৮)। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন মো. নাজরিন আক্তার বিথি বেগম (৪২) ও মো. সালাউদ্দিন বিপ্লব (৩৫)। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর পিপি অ্যাডভোকেট এনতাজুল হক বাবু এসব নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২২ সালের ৩ জুলাই সন্ধ্যায় নগরীর দড়ি খরবোনার রফিকুল ইসলাম পাখির ছেলে সনি (১৭) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে রাত পৌনে ৯টার দিকে ৪ জন মিলে সনিকে কৌশলে হেতেমখা সাহাজী পাড়া কফিল উদ্দিন জামে মসজিদের পাশে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকেই আরো ১৪-১৫ জন আসামি উপস্থিত ছিল। পরে তাকে চাকু, চাপ্পড়, লোহার হাতুড়ি, চাইনিজ কুড়াল দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে গুরুতর জখম করে তারা। পরে স্থানীয় লোকজন সনিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত সনির বাবা রফিকুল ইসলাম পাখির এমন অভিযোগে প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

তিনি আরো বলেন, সনি হত্যা মামলায় মোট আসামি ৯ জন। এদের মধ্যে ৫ জন শিশু। তাদের বিচার শিশু আদালতে হচ্ছে। ৪ আসামি রায় ঘোষণা করা হলো। এদের মধ্যে মঈন আন্নাফ মাহবুব আলম ও হাবিবা কুমকুম ঔষিকে ৩০২ ধারায় যাবজ্জীবন ও ৩৬৪ ধারায় ১০ বছর কারদণ্ড দিয়েছেন আদালত। অপর আসামিদের খালাস দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত