টানা চার শিরোপার জন্য ক্ষুধার্ত সিটি

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৬:০৩ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে শীর্ষ তিন ক্লাবের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র এক পয়েন্টের। তাতে জমে উঠেছে ইপিএলের শিরোপা লড়াই। গেল মৌসুমে ট্রেবল জয়ী ম্যানচেস্টার সিটি ৬৩ পয়েন্ট নিয়ে আছে তিনে। ৬৪ পয়েন্টে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আর্সেনাল। একই (৬৪) পয়েন্টে দুইয়ে আছে লিভারপুল।

২০১৪ সালের পর মৌসুমের এই পর্যায়ে (২৮ রাউন্ড শেষে) পয়েন্ট তালিকার প্রথম তিন দলের মধ্যে এবারই ব্যবধান এত কম। সিটির ডিফেন্ডার কাইল ওয়াকার মনে করছেন এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ে তাদের (সিটির) বরং আরও অনুপ্রাণিত হওয়া উচিত।

প্রিমিয়ার লিগে গেল তিন মৌসুমের চ্যাম্পিয়ন সিটি। প্রথম ক্লাব হিসেবে টানা চারবার লিগ শিরোপা জিততে চায় ম্যানসিটি।

কাইল ওয়াকার বলেন, 'লিগের জন্য এটা দারুণ ব্যাপার- এত কাছাকাছি অবস্থানে তিন দলের থাকা। দুর্দান্ত সব খেলোয়াড় নিয়ে দলগুলোর সেরা ছন্দে এগিয়ে চলা, সত্যিই লড়াইটা দারুণ উপভোগ্য হবে। আমাদের নিশ্চিত করতে হবে, যেন সবসময়ের মতো শেষ পর্যন্ত লড়াই করতে পারি। কেউ টানা চারবার (লিগ শিরোপা) জিততে পারেনি, আমরা সেটাই করতে চাই। আমরা এর জন্য ক্ষুধার্ত।'

আগামী শনিবার এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে নিউক্যাসলের বিপক্ষে খেলবে সিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত