চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে নাপোলির মাঠে এগিয়ে গিয়েও হতাশা নিয়ে ফিরতে হয়েছিল বার্সেলোনাকে। ১-১ গোলের ড্র হওয়া সেই ম্যাচে গোল করেছিলেন দুই দলের দুই বড় তারকা রবার্ট লেভানডফস্কি ও ভিক্টর ওসিমহেন। আজ ফয়সালা হবে কার ভাগ্যে জুটবে পরের পর্বের টিকিট। নিজেদের মাঠে রাত ২টায় বার্সা আতিথ্য দেবে নাপোলিকে।
চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে না হেরে আসা সর্বশেষ ২১ বারের মধ্যে ২০ বারই পরের রাউন্ডে গেছে কাতালানরা। লেভানডফস্কিও আছেন দারুণ ফর্মে, চ্যাম্পিয়নস লিগে নিজের শেষ ১২ ম্যাচে ১৮টি গোলে তার অবদান। ১২টি করেছেন, করিয়েছেন আরও ৬টি। এছাড়া তরুণ তারকা ইয়ামালের দিকেও চেয়ে থাকবেন কাতালান সমর্থকরা। অন্যদিকে নাইজেরিয়ার তারকা ওসিমহেন নাপোলির হয়ে ২৩ ম্যাচে করেছেন ১৩ গোল। অ্যাসিস্ট রয়েছে ৪টি।
বার্সা কোচ জাভি অবশ্য একটি ‘জাদুকরী রাতে’র প্রত্যাশা করছেন। বলেন, ‘নাপোলি অনেক উন্নতি করেছে। আমি সাহসিকতায় পূর্ণ নাপোলিকে মাঠে পেতে আশা করছি। যারা আমাদের উপর ভীষণ চাপ প্রয়োগ করবে। বার্সার জন্য আমি ‘প্রেসার কুকার’ ধরনের অবস্থা চাই। তাহলেই আমরা আমাদের সমর্থকদের সামনে আমাদের সত্যিকারের ফুটবল শৈলী প্রদর্শন করতে পারবো।’
নাপোলির হয়ে বার্সা মতো শক্ত প্রতিপক্ষের সামনের প্রথমবারের মতো নামতে যাচ্ছেন নতুন কোচ ফ্রান্সেস্কো ক্যালজোনা। সোমবার চার মাসের চুক্তিতে নাপোলির দায়িত্ব পেয়েছেন এ ইতালিয়ান। নাপোলির পাশাপাশি তিনি স্লোভাকিয়া জাতীয় দলেরও কোচ। বড় মিশন সামনে রেখে নিজের সবটুকু উজাড় করে দিতে চাইবেন তিনি।
