বড় ম্যাচে হারলেই ‘অপমানের’ অভিযোগ তুলেন পোর্তো কোচ

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১২:২৩ পিএম

ঘটনাটা ২০২০ সালের অক্টোবরের দিকে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের খেলা ছিল সেদিন। ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির কাছে ৩-১ গোলে পরাজিত হয় পোর্তো। সেই ম্যাচের শেষে সিটি কোচ পেপ গার্দিওয়ালার বিরুদ্ধে ‘চরম অপ্রীতিকর আচরণের’ অভিযোগ তুলেছিলেন দলটির কোচ সার্জিও কনসেইকাও।

সেটা প্রমাণ করতে পারেননি পর্তুগিজ এই কোচ। সাড়ে তিন বছর পর আরও একবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচ হেরে আরেক কোচের বিরুদ্ধে অভিযোগ তুললেন তিনি।

মঙ্গলবার রাতে এমিরেটসে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে পোর্তোকে টাইব্রেকারের রোমাঞ্চে হারিয়ে জয়ী আর্সেনাল। তাতে ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে জায়গা করেছে ইংলিশ লিগের দলটি। তবে ম্যাচ শেষে ক্লাবটির কোচ মিকেল আর্তেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ‍তুলেছেন পোর্তো কোচ সার্জিও কনসেইকাও। আর্তেতা নাকি পরিবারকে অপমান করেছেন।

সংবাদ সম্মেলনে কনসেইকাও বলেন, ‘খেলা চলাকালেই তিনি (আর্তেতা) স্প্যানিশ ভাষায় আমার পরিবারকে অপমান করেছিলেন। পরে আমি তাকে বলেছি, আপনি যাকে অপমান করে কথা বলছেন তিনি আর আমাদের মাঝে নেই। আপনি আপনার দলকে প্রশিক্ষণের দিকে মনোনিবেশ করেন।’

আর্সেনাল কোচ আর্তেতা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে কনসেইকাওয়ের সঙ্গে তার কী হয়েছে, এমন প্রশ্নের জবাবে আর্তেতা বলেন, ‘কোনো জবাব নেই, অনেক ধন্যবাদ।’

এর আগে পেপ গার্দিওয়ালাকে নিয়েও একইভাবে অভিযোগ করেছিলেন তিনি। শুধু গার্দিওয়ালা বা আর্তেতাই নয়। বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ থমাস টুখেলের বিরুদ্ধে একবার এমন অভিযোগ তুলেছিলেন তিনি। গার্দিওয়ালা নাকি স্প্যানিশ ভাষায় পর্তুগিজদের নিয়ে গালাগাল করছিলেন। টুখেলও নাকি তাকে অপমান করেছিলেন। বড় ম্যাচগুলো হারের পর এভাবেই বারবার ‘অপমানের’ অভিযোগ তুলেন কনসেইকাও।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত