২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৩:২২ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। চলবে ৩০ মার্চ পর্যন্ত। আর ফিরতি টিকিট বিক্রি আগামী ৩ এপ্রিল শুরু হয়ে ৯ এপ্রিল পর্যন্ত চলবে।

এ ছাড়া ঈদের চাঁদ দেখা সাপেক্ষে ১০, ১১ ও ১২  এপ্রিলের টিকেট বিক্রি করা হবে।

ঈদযাত্রা কর্ম পরিকল্পনা নির্ধারণে আজ বুধবার দুপুর আড়াইটায় রেলভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আগে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, এবারের ঈদযাত্রা নিব্রিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। টিকিট কালোবাজারী রোধে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এবারও ঈদযাত্রার কোনো টিকিট কাউন্টারে বিক্রি করা হবে না। অনলাইন প্ল্যাটফর্ম থেকেই শতভাগ টিকিট বিক্রি হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ ও সহজ ডটকমের প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। সার্ভারের ওপর চাপ কমাতে রেলের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট আলাদা সময়ে বিক্রি করা হবে। ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে সাত জোড়া বিশেষ ট্রেন চলতে পারে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

পূর্বাঞ্চলের টিকিট সকালে ও পশ্চিমাঞ্চলের টিকিট বিকেলে বিক্রি হবে। কমলাপুর থেকে চাপ কমাতে দেশের উত্তরাঞ্চলের ট্রেন রাজধানীর বনানীর ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়া হবে। জয়দেবপুর স্টেশন থেকেও কিছু ট্রেন চালানোর পরিকল্পনা হচ্ছে। বিশেষ ট্রেনের পাশাপাশি নিয়মিত পথের ট্রেনগুলোতে কোচের সংখ্যা বাড়ানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত