আফগানিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাতে নিহত ৬০

  • চলতি বছর শীতের মৌসুম শেষের দিকে অস্বাভাবিক আবহাওয়া বিরাজ করছে আফগানিস্তানে
  • গত ৩ সপ্তাহে তুষার-বৃষ্টিপাতের কারণে ৬০ জন প্রাণ হারিয়েছেন ও ২২ জন আহত হয়েছেন  
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১১:২৫ এএম

গত তিন সপ্তাহ ধরে আফগানিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাতের ফলে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়।

আবহাওয়ার এ পরিস্থিতিতে আরও ২৩ জন আহত হয়েছেন। আফগানিস্তানের দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

আফগানের দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ে মুখপাত্র জনান সায়েক এক ভিডিও বার্তায় বলেন, গত ২০ ফেব্রুয়ারি থেকে তুষার ও বৃষ্টিপাতের কারণে দুর্ভাগ্যক্রমে ৬০ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ২৩ জন নানা দুর্ঘটনায় আহত হয়েছেন।

চলতি বছর শীতের মৌসুম শেষের দিকে অস্বাভাবিক আবহাওয়া বিরাজ করছে আফগানিস্তানে। বিশেষ করে আকস্মিক বৃষ্টি ও বন্যায় জনগোষ্ঠীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আফগান দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, চলমান দুর্যোগে প্রায় এক হাজার ৬৪৫টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। এছাড়া প্রায় এক লাখ ৭৮ হাজার গবাদি পশুও মারা গেছে।

গত বছরের অক্টোবরে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে হেরাত প্রদেশে ভয়াবহ ভূমিকম্পের আঘাত এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এরমধ্যেই সোমবার সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

মঙ্গলবার প্রাদেশিক রাজধানী হেরাত শহরে বাড়ির ছাদ ধসে একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন বলে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল জাহের নূরজাই সাংবাদিকদের জানিয়েছেন।

অস্থায়ী তথ্যে দেখা গেছে প্রায় ২৫০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং কৃষি জমির বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার থেকেই ত্রাণ সহায়তা আসা শুরু হওয়া দরকার বলেন তিনি।

আফগানিস্তানে তালেবান সরকারের প্রত্যাবর্তনের পর থেকেই বিদেশি সহায়তা কমে এসেছে। ফলে এ ধরনের বিপর্যয় মোকাবিলা করা তালেবান সরকারের জন্য বেশ কঠিন হয়ে পড়বে বলছে বিশেষজ্ঞরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত