৩৮ জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১২:০৪ পিএম

দেশের ৩৮টি জেলার কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায় ৪০ মিলিমিটার। এ ছাড়া ফেনীতে ৩৮, মাদারীপুরে ২২, খুলনা ও কুমারখালীতে ১৮, কুমিল্লায় ১৪, ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা বিভাগের ১৩টি, খুলনার ১০টি, বরিশালের ৪টি ও চট্টগ্রামের ১১টি জেলাসহ মোট ৩৮টি জেলার দুই-এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪.০ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত