ওয়ানডে ক্যারিয়ারের অভিষেক ম্যাচে ৯০ রান করে আউট হয়েছিলেন তাওহিদ হৃদয়। সেটা ছিল সিলেটে আয়ারল্যান্ড সিরিজে। এবার বন্দরনগর চট্টগ্রামে শ্রীলঙ্কা সিরিজ। সেখানে আরও একবার তিন অংকের রান স্পর্শ করার দ্বারপ্রান্তে পৌঁছেছিলেন হৃদয়। কিন্তু শেষ পর্যন্ত এবারও হলো না, এমনকি শেষ দুই বলে ছক্কা মেরেও হয়নি।
কাল ডানহাতি এই ব্যাটসম্যান যখন ১৩তম ওভারে মাঠে নামলেন, তখন প্রয়োজন ছিল উইকেট আঁকড়ে টিকে থাকা। সেটাই করেছেন হৃদয়। ৭৪ বলে ফিফটি ছুঁয়েছেন মাত্র দুই বাউন্ডারির সাহায্যে। পরের ৪৬ করেছেন ২৮ বলে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে অবশ্য এসে হৃদয় বললেন তার কোনো আক্ষেপ নেই। বলছেন, ‘আমার কোনো আক্ষেপ নেই, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো প্রথম বলেও আউট হয়ে যেতে পারতাম। সর্বশেষ ম্যাচে রান করতে পারিনি, টি-টোয়েন্টিতেও দ্রুত আউট হয়ে গিয়েছি। আমার সব সময় পরিকল্পনা থাকে একটা শুরু যখন পেয়েছি, যতটুকু পারব দিনটাতে যেন ক্যারি করতে পারি।’
হৃদয় মনে করছেন এই উইকেটে ২৮৬ রান যথেষ্ট ছিল না, ‘উইকেট ৩২০-৩৩০ রানের ছিল। আমরা থিতু হয়ে যদি ইনিংসটা ক্যারি করতাম, তাহলে হয়তো দৃশ্যপট ভিন্ন হতো।’
নিজের ব্যাটিং কৌশল নিয়ে তিনি বলছেন, ‘মাথা যতটুকু কাজ করেছে, চেষ্টা করেছি খেলাটাকে শেষ করতে। যেহেতু ব্যাটসম্যান নাই, ব্যাটসম্যান থাকলে দৃশ্যপট ভিন্ন হতো। আমি ফিফটির পর, আসলে ফিফটির পর না, যখন দেখেছি একটু পরপর উইকেট যাচ্ছে, তখন লক্ষ্যই ছিল খেলাটা শেষ করব। আমি সেট ব্যাটসম্যান, আমি খেলাটা শেষ করলে ভালো কিছু হবে।’
