এমবাপ্পে নিয়ে 'ভীত' নন লেভানডফস্কি

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১২:৪৩ পিএম

কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিলে বাড়বে দ্বৈরথ। বার্সেলোনার গোলমেশিন রবার্ট লেভানদোফস্কির সঙ্গে লড়াইটাও জমে উঠবে। এই ফরাসিয়ান আতঙ্কের নাম হয়ে উঠতে পারেন পোলিশ তারকার কাছে। তবে এমবাপ্পে মাদ্রিদে এলেও তিনি কিংবা তার সতীর্থরা ভীত নন বলে জানিয়ে দিয়েছেন।

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন এমবাপ্পে। ফলে ২৫ বছর বয়সী এই ফুটবলার ফ্রি ট্রান্সফারে রিয়ালে যেতে পারবেন। যে ক্লাবে যাওয়ার গুঞ্জন ২০১৭ ও ২০২২ সালে উঠেছিল। তবে দুবারই শেষ পর্যন্ত সেটা মিথ্যা প্রমাণিত হয়।

লস ব্লাঙ্কোসদের সঙ্গে এমবাপ্পে যোগ দিলে ক্লাব ফুটবলের কেবল ইতিবাচক দিকই দেখতে পাচ্ছেন লেভানদোফস্কি।

পোলিশ গণমাধ্যম মেজিকিকে লেভানদোফস্কি বলেছেন, 'এটি এখনও আনুষ্ঠানিক নয় এবং ঘোষণা না আসা পর্যন্ত মন্তব্য করা কঠিন। সুতরাং এটি নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করা যাক।'

তারপর লেভা যোগ করেন, 'যদি সে আসে, লা লিগায় তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করাটা হবে মজার ব্যাপার। আমরা ভীত নই, আমি এটাকে ইতিবাচকভাবে নিচ্ছি।'

২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে কেনা লেভানদোফস্কির কাতালুনিয়ায় চুক্তির মেয়াদ শেষ হতে এখনও দুই বছরের বেশি সময় বাকি। জাভি হার্নান্দেজের অধীনে কঠিন দুটি মৌসুম কাটানোর মধ্যে এমবাপ্পের স্পেনে আসার প্রায় একই সময়ে তিনি মধ্যপ্রাচ্য বা অন্য কোথাও যেতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

তবে আগামী মৌসুমে তিনি কোথায় খেলবেন তা নিয়ে পরিষ্কার করে দিয়েছেন লেভানদোফস্কি। বলেছেন, 'আমি বার্সেলোনায় থাকছি।' 

তারপর স্পষ্ট ভাষায় সমালোচনা করে লেওয়া বলেন, 'স্প্যানিশ গণমাধ্যমের সংবাদগুলো হয় যা তা। আমি বিষয়গুলোর পুনরাবৃত্তি করতে চাই না। একদিন এক গুজব প্রকাশ করে তো অন্যদিন আরেকটা। আমি বার্সেলোনাতেই থাকছি। অন্য কোথাও যাচ্ছি না।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত