পরনে ভারতনাট্যমের পোশাক। কোমরে হাত দিয়ে নাচের ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট মেয়েটি। ছোট থেকেই ক্যামেরার সামনে পোজ দিতে যে সে অভ্যস্ত- তা এই ছবি দেখেই বুঝা যায়। চিনতে পারছেন এই ছোট মেয়েটিকে? বর্তমান বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির স্ত্রী তিনি। ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ আইপিএলে তার নিজস্ব দলও আছে। বলিউডের সঙ্গে সরাসরি কোনো যোগ না থাকলেও গোটা বলিউড এক নামেই তাকে চেনেন। কখনো নিজের কাজের জন্য, কখনো আবার নিজের সাজের জন্য সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসে তার নাম। বুঝতে পারছেন, কার কথা হচ্ছে?
ভারতের শিল্পপতিদের মধ্যে উপার্জন এবং সাফল্যের ভিত্তিতে শীর্ষস্থানে রয়েছে আম্বানি পরিবার। আর ছবিটি মুকেশপত্নী নীতা আম্বানির। ছেলেবেলা থেকেই নাচে দক্ষ নীতা। সম্প্রতি ছোট ছেলে অনন্তের প্রাক-বিবাহ অনুষ্ঠানেই নাচতে দেখা গিয়েছে নীতাকে। এমনকি, নীতার নাচ দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন ধীরুভাই-কোকিলাবেন আম্বানি দম্পতি। ছেলে মুকেশের জন্য নীতার চেয়ে যোগ্য জীবনসঙ্গিনী যে আর কেউ হতে পারে না, তা প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলেন তারা।
পারিবারিক সূত্রে মুকেশ এবং নীতার পরিচয় হওয়ার পর মাঝেমধ্যেই একান্তে সময় কাটানোর জন্য ঘুরতে বেরিয়ে পড়তেন দুজন। সেসময় স্কুলে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন নীতা। মুকেশের সঙ্গে সময় কাটানোর পর তাকে ভালোবেসে ফেলেন নীতা। অন্যদিকে মুকেশও তার মন দিয়ে ফেলেছিলেন নীতাকে। এভাবেই নাচের মাধ্যমেই শুরু হয় ভারতীয় ধনকুবের মুকেশ ও নীতার প্রেম।