বৌভাতে যাওয়ার পথে সড়কে লাশ ৬ জন

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৫:২১ পিএম

সিলেট-তামাবিল মহাসড়কে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে জৈন্তাপুর উপজেলার পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ২ জন মারা যান। নিহত সকলেই পরস্পরের আত্মীয়। তারা বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে রওয়ানা হয়েছিলেন।

নিহতরা হলেন জৈন্তাপুরের চিকনাগুল এলাকার ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের স্ত্রী মঙ্গলি পাত্র (৫৫), একই গ্রামের নন্ত পাত্রের স্ত্রী সাবিত্রী পাত্র (৩৫), কৃষ পাত্রের স্ত্রী সুচিত্রা পাত্র (৩৫) ও তার ৬ মাস বয়সী মেয়েসন্তান বিজলী, সুভেন্দ্র পাত্রের মেয়ে ঋতু পাত্র (৮) ও নিপেন্দ্র পাত্রের স্ত্রী শ্যামলী পাত্র (৫৫)। দুর্ঘটনায় নিহত মঙ্গলি পাত্রের মেয়ের বৌভাত অনুষ্ঠানে যাওয়ার জন্য তারা রওয়ানা হয়েছিলেন।

দুর্ঘটনায় আহতরা হলেন সুভেন্দ্র পাত্রের স্ত্রী প্রণতি পাত্র (৩৫), কৃষ পাত্র (৪০) ও তার ২ ছেলে এবং লেগুনাচালক। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সোমবার বেলা ১২টার দিকে জৈন্তাপুর-তামাবিল সড়কে পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর কার্যালয়ের সামনে সিলেটগামী গরুবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মঙ্গলি পাত্র, সুচিত্রা পাত্র, শিশু ঋতু পাত্র ও বিজলী মারা যান। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুইজন।

৬ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম। তিনি বলেন, ‘দুর্ঘটনার পর সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এ সময় সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করেছে’।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত