তিন পুলিশকে কুপিয়ে নারী আসামিকে ছিনতাই

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৫:৪৬ পিএম

ময়মনসিংহের ত্রিশালে পুলিশের তিন কর্মকর্তাকে কুপিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নারী আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ত্রিশালের ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন, এসআই ইসমাইল হোসেন (৩০), এএসআই গোলাম রসুল (৩৫) ও এএসআই রাকিব (৩৯)। তারা সবাই ত্রিশাল থানায় কর্মরত।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এএসআই রাকিবের পেটে কোপ লেগেছে। এসআই ইসমাইলের পিঠে ও এএসআই রসুলের কনুইয়ের উপরে কোপের আঘাত রয়েছে। শুরুতে রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। অন্যদের বেডে পাঠানো হয়েছে। তবে রাকিবের অবস্থা কিছুটা আশঙ্কাজনক।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া জানান, বেদেনা নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় যান ওই পুলিশ কর্মকর্তারা। আসামিকে বাড়িতে পেয়ে গ্রেপ্তার করতে চাইলে তার ছেলে নাইম ও হারুন এলোপাতাড়ি তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে তার মাকে (বেদেনা) ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তবে আসামি বেদেনাসহ অন্যরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত