কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন পরিচালনায় আদনান 

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৭:০৯ পিএম

শুরু হতে যাচ্ছে কোক স্টুডিও বাংলার নতুন অর্থাৎ তৃতীয় সিজন। কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব আগেই জানিয়েছিলেন মার্চ-এপ্রিলে আসবে নতুন সিজন। 

বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে তৃতীয় সিজনের শুটিং। এই আসর পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। এক ফেসবুক পোস্টের মাধ্যমে এমনটা নিজেই জানিয়েছেন নির্মাতা।

দেশ রূপান্তরকে এই নির্মাতা বলেন, এখন শুটিং চলছে। কিছুদিন আগেই শুরু হয়েছে। এই সিজনে দারুণ এবং চমকপ্রদ কিছু থাকছে। তবে এখনই কিছু বলা যাবে না। খুব শিগগিরই এজেন্সি থেকে ঘোষণা আসবে।

সূত্রে জানা গেছে, এই সিজনের একাধিক গানের ভিডিও নির্দেশনায় থাকবেন আদনান আল রাজীব। ইতিমধ্যে কিছু অংশের শুটিং শেষ হয়েছে এবং বাকি রয়েছে আরও।  

প্রসঙ্গত, ২০০৮ সালে কোক স্টুডিও’র যাত্রা শুরু হওয়ার পর সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আসে কোক স্টুডিও বাংলা (সিএসবি)। শুরু হওয়ার পর থেকেই বৈচিত্র্যময় ধারার প্রতিভাদের একত্রিত করে সৃজনশীল ও নতুন ধারার সঙ্গীত সৃষ্টির মাধ্যমে সঙ্গীত জগতে আলোড়ন তৈরি করে প্ল্যাটফর্মটি। যুগান্তকারী দুটি সিজনে সিএসবি সঙ্গীত জগতে দিয়েছে নতুন প্রাণের ছোঁয়া, অতিক্রম করেছে দেশের সীমানা, প্রশংসা কুড়িয়েছে ভক্ত ও শিল্পী সবার কাছ থেকেই।

ই সিজনে অংশ নিয়েছিলেন প্রায় ১০০ জন শিল্পী এবং প্রকাশ্যে আসে ২০টিরও বেশি গান যা সারা পৃথিবীর দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে। ইউটিউবে সেরা গানের তালিকায় রয়েছে প্রথম সিজনের ‘ভবের পাগল’, ‘বুলবুলি’ ও ‘নাসেক নাসেক’ এবং দ্বিতীয় সিজনের ‘দেওরা’ ও ‘কথা কইয়ো না’। এবার তৃতীয় সিজনের অপেক্ষায় শ্রোতা ও অনুরাগীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত