খালিদের জানাজা গ্রিন রোড জামে মসজিদে রাত ১১টায়

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১০:১৯ পিএম

চাইম ব্যান্ডের জনপ্রিয় সংগীতশিল্পী খালিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর গ্রিন রোডে একটি হাসপাতালে মারা যান তিনি। এদিকে তার প্রথম নামাজে জানাজা সোমবার রাত ১১টায় গ্রিন রোড জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

খালিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ও উপস্থাপক তানভীর তারেক। তিনি জানান, সন্ধ্যার পরে তিনি অসুস্থ বোধ করেন। বাসা থেকে তাঁকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের ভুবনে পথচলা শুরু করেন। তিনি আশি ও নব্বইয়ের দশকে ভোকালিস্ট হিসেবে ‘চাইম’ ব্যান্ডে যোগ দিয়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যে তরুণ প্রজন্মের শ্রোতাদের হৃদয় জয় করেন।

তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’ ইত্যাদি। তার মৃত্যুতে সংগীত ভুবনে শোকের ছায়া নেমে এসেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত