নারায়ণগঞ্জে এক ভবনে ৯ রেস্তোরাঁ, সতর্ক করল জেলা প্রশাসন

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১১:০৭ পিএম

নারায়ণগঞ্জের চাষাড়া বালুর মাঠে অবস্থিত এমডি স্কয়ার নামের একটি ভবন পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের নিরাপত্তা বিষয়ক কমিটি। এ সময় ওই ভবনে থাকা ৯টি  রেষ্টুরেন্ট চিহিৃত করেছেন তারা। সোমবার (১৮ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের নিরাপত্তা বিষয়ক কমিটির কর্মকর্তারা পরিদর্শনকালে ভবনের মালিক ও রেস্তোরার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এর আগে গত ৩ মার্চ দৈনিক দেশ রূপান্তরে ‘নারায়ণগঞ্জের একই ভবনে ১০ রেস্তোরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

পরিদর্শণকালে ভবনটিতে ইমার্জেন্সি সিঁড়ি ব্যবহারে প্রতিবন্ধকতা দেখতে পায় কমিটি। ওই ভবনে মোট ৯টি রেস্তোরা পরিদর্শনপূর্বক কমিটির সদস্যগণ ভবনটির ইমার্জেন্সি সিঁড়ি, ওয়াটার রিজার্ভয়ার, রেস্তোরার রান্নাঘরের পরিচ্ছন্নতা, নিরাপদ গ্যাস ও  বিদ্যুৎ ব্যবহার সম্পর্কিত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। 

এর আগে গত ১০ মার্চ ওই ভবনে সুলতান্স ডাইন, দাওয়াত ই মেজবানসহ ৬ রেস্তোরাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেই সঙ্গে একটি ভবন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজউক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন জোন ৮/১ এর অথোরাইজ অফিসার মো. ইলিয়াস, ভবন পরিদর্শক হিসেবে ছিলেন মো. শফিউল্লাহ, শামসুজ্জামান নয়ন, মো. রুবেল, মো. সারোয়ার হোসেন, তারিকুর রহমান।

অভিযানে জরুরি বহির্গমন ব্যবহারে নানা প্রতিবন্ধকতা থাকার কারণে মনির টাওয়ার কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এমডি স্কয়ারে সুলতান্স ডাইন, দাওয়াত ই মেজবান, স্টার লাউঞ্জ, ক্রাউন রেস্টুরেন্ট ও বুফেট-পার্টি সেন্টার ক্রাশ স্টেশন ও ডাইনিং লাউঞ্জে এ ৬ রেস্তোরাকে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করে রাজউক কর্তৃপক্ষ।

অভিযান শেষে রাজউক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বলেন, এ ভবনগুলোতে অফিস থাকার কথা। অফিসের পরিবর্তে তারা রেষ্টুরেন্ট পরিচালিত করছে। সবচেয়ে দুঃখজনক বিষয়টি হচ্ছে এখানে যে ইমারজেন্সি এক্সিট (জরুরি বহির্গমন) আছে, তারা তা ব্যবহার করছে না। সেখানে প্রতিবন্ধকতা আছে। ইমারজেন্সি এক্সিটে প্রতিবন্ধকতা থাকার জন্য ৬টি রেষ্টুরেন্টকে ও ১টি ভবন কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে ইমারজেন্সি এক্সিট সাধারণ করে বিষয়টি নিশ্চিত করার জন্য তাদেরকে সময় দেয়া হয়েছে। যদি তারা ব্যর্থ হয় তাহলে আমরা পরবর্তীতে ব্যবস্থা নিব।

 রাজউকের অভিযানের ৭দিন অতিবাহিত হলেও জরুরি বহির্গমন নিশ্চিত করতে পারেনি ভবন মালিক। জেলা প্রশাসনের নিরাপত্তা বিষয়ক কমিটি তাদের পুনরায় সতর্ক করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত