যুথীর আগাম জামিন আবেদন শুনবেন নতুন বেঞ্চ

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১২:২৭ পিএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ভোট গণনা ও ফলাফল নিয়ে মারামারির ঘটনায় হওয়া মামলায় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীর আগাম জামিন শুনতে নতুন বেঞ্চ ঠিক করে দিয়েছেন প্রধান বিচারপতি।

আজ মঙ্গলবার (১৯ মার্চ) সকালে প্রধান বিচারপতির দপ্তর এ তথ্য নিশ্চিত করে।

দপ্তরসূত্রে জানা গেছে, বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও এস এম মাসুদ হোসাইন দোলন-এর হাইকোর্ট বেঞ্চে এই আগাম জামিনটি শুনানির জন্য এরই মধ্যে নথি পৌঁছে দেওয়া হয়েছে।

এর আগে, গতকাল (১৮ মার্চ) হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি সাহেদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য গেলে বিব্রত বোধ করেন ওই বেঞ্চ। পরে নথি পাঠানো হয় প্রধান বিচারপতির কাছে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ভোট গণনা ও ফলাফল নিয়ে মারামারির অভিযোগে করা মামলায় জামিন নিতে হাইকোর্টে আবেদন করেছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী ও অন্যরা। তিনি ছাড়া মামলার আসামি অ্যাডভোকেট শাকিলা রৌশন, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা (কবিতা) জামিন আবেদন করেন। রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় অ্যাডভোকেট যুথী এক নম্বর আসামি।

গত বৃহস্পতিবার (১৪ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত